রায়দিঘিতে আগুনে হুড়মুড়িয়ে ভাঙলো দেওয়াল, কি অবস্থায় শিশুরা

রায়দিঘিতে আগুনে হুড়মুড়িয়ে ভাঙলো দেওয়াল, কি অবস্থায় শিশুরা!রায়দিঘিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভানোর সময় নবনির্মিত একটি বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ভেতরে থাকা ১২ বছরের এক শিশুসহ মোট ছ’জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার গিলার ছাট অঞ্চলের বাড়িভাঙা গ্রামে। সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ৮টা নাগাদ অনুকূল বৈদ্যের একটি অস্থায়ী অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ঘরে আচমকা আগুন লাগে। সেই সময় পরিবারের সদস্যরা বাজারে থাকায় ঘরটি ফাঁকাই ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। দ্রুত আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেন। ঠিক সেই সময় পাশেই থাকা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে নির্মিত একটি পাকা বাড়ির দেওয়াল আচমকা ভেঙে পড়ে। ধসে পড়া দেওয়ালের তলায় চাপা পড়ে যায় ১২ বছরের বিজয় বৈদ্য। ঘটনায় তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও পাঁচ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা অন্যত্র স্থানান্তরিত করবার পরামর্শ দেন। বাকি পাঁচ জন বর্তমানে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। কিভাবে আগুন লাগলো সম্পূর্ণ খতিয়ে দেখছে পুলিশ। মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার এবং জেলা পরিষদ সদস্য উদয় হালদার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। সবরকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আহত শিশুর চিকিৎসার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। বর্তমানে কিছুটা আশঙ্কা মুক্ত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *