অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক,
অযোধ্যা পাহাড়ে পর্যটন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, আশ্বাস পর্যটন মন্ত্রীর।রাজ্যের পর্যটন মানচিত্রে পুরুলিয়া জেলার গুরুত্ব আরও বাড়াতে মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের কোলে অনুষ্ঠিত হলো পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলার ৯ জন বিধায়ক, পুলিশ-প্রশাসনের আধিকারিক, রেল দপ্তরের প্রতিনিধি এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। বৈঠকে জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও পর্যটক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। পর্যটন মন্ত্রী সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুরুলিয়ায় পর্যটক আকর্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। সংশ্লিষ্ট মহলের আশা, এই উদ্যোগের ফলে জেলার পর্যটন শিল্পের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

