ঘূর্ণাবর্তে দুর্যোগের কবলে দক্ষিণ ২৪ পরগনা
ঘূর্ণাবর্তে দুর্যোগের কবলে দক্ষিণ ২৪ পরগনা জোড়া ঘূর্ণাবর্ত এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত অক্ষরেখার ব্যাপক প্রভাব। যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা। শুক্রবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দফায় দফায় মাঝারি ও ভারী বর্ষণে নাজেহাল জনজীবন। শনিবার সকাল থেকেই জেলার আকাশ কালো মেঘে ঢাকা। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া। বিশেষ করে উপকূলবর্তী এলাকা যেমন— নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, রায়দিঘি, ক্যানিং ও গোসাবায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি। দুর্যোগের জেরে একধাক্কায় অনেকটা নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, রবিবারেও পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। আগামীকালও জেলা জুড়ে দুর্যোগ পূর্ণ আবহাওয়া বজায় থাকবে। নাগাড়ে বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী রবিবার পর্যন্ত নিম্নচাপের কাটার কোন সম্ভাবনা নেই। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। এবং পরিস্থিতি যদি পরিবর্তন না হয় মাঝ নদীতে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

