ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী বদল! কারণ ঘিরে জল্পনা
ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। শেষপর্যন্ত বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে সরিয়ে বিজেপি প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। দলের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই এই পরিবর্তন। প্রসঙ্গত, এর আগে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্রের জন্য কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পর থেকেই দলের অন্দরে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। একাংশ কর্মী সমর্থক প্রকাশ্যেই দলের প্রতি ক্ষোভ উগরে দেন। প্রার্থী পরিবর্তনের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দলীয় কার্যালয়ে। অভিযোগ, বিক্ষুব্ধ কর্মীরা বিজেপির জেলা সভাপতিসহ কয়েকজন নেতৃত্বকে কার্যালয়ের ভিতরে তালাবন্দী করে রাখেন। এই ঘটনার পর থেকেই ময়নাগুড়িতে প্রার্থী বদলের জোর জল্পনা শুরু হয়। যদিও ততদিনে কৌশিক রায় নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিলেন। ফলে হঠাৎ প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। দলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত ব্যাখ্যা না মিললেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় স্তরে সংগঠনের চাপ এবং কর্মীদের ক্ষোভই এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে। নতুন প্রার্থী ডালিম রায়কে সামনে রেখে এখন সংগঠনকে কত দ্রুত ঐক্যবদ্ধ করা যায়, সেটাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, এই প্রার্থী পরিবর্তন বিরোধীদের হাতে নতুন রাজনৈতিক অস্ত্র তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

