কার্টুন বিতর্কে আদালতে যাচ্ছেন অর্জুন সিং

তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনকে নিয়ে কার্টুন ভিডিও পোস্টকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা করলেন বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, এই ভিডিও দেশের সর্বোচ্চ বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি চরম অবমাননা। অর্জুন সিং অভিযোগ করেন, শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাঁর দাবি, এই ধরনের কনটেন্ট গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে কার্টুন তৈরি করে প্রচার করা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি। খুব শীঘ্রই আদালতে মামলা দায়ের করব।” পাশাপাশি তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই ইস্যু যে আরও বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে, তা আলাদা করে বলবার অবকাশ রাখেনা।উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *