পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মিলনগর এলাকায় বাড়ি জবরদখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অলোক মজুমদার ওরফে কুট্টি এক আইনজীবীর বাড়ি দখল করে প্রমোটিংয়ের ছক কষছিলেন। অভিযোগকারী আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী জানান, ‘অভিযুক্ত নেতা তাঁর বাড়ির সামনে গিয়ে পরিবার সহ তাঁকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। শুধু তাই নয়, প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হন ওই তৃণমূল নেতা।’ অভিযোগ, বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার পরই ঘোলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা অলোক মজুমদারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ বারাকপুর আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রমোটিং নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিকে, মারধরের ঘটনার পর নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন আইনজীবী ও তাঁর পরিবার। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছে।
বাড়ি দখল ঘিরে তাণ্ডব! গ্রেপ্তার তৃণমূল নেতা

