উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল ঘিরে জমে উঠল রাজনৈতিক তৎপরতা। সোমবার সকাল থেকেই প্রশাসনিক ভবন চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রার্থীদের নির্দিষ্ট নিয়মে ভিতরে প্রবেশ করানো হয়। এদিন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, নৈহাটি থেকে সনদ দে, জগদ্দল থেকে সোমনাথ শ্যাম, পানিহাটি থেকে তীর্থঙ্কর ঘোষ এবং কামারহাটি থেকে মদন মিত্র মনোনয়নপত্র জমা দেন। তাঁদের সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। অন্যদিকে, বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সজল ঘোষও এদিন মনোনয়ন জমা দিতে প্রশাসনিক ভবনে পৌঁছন। মনোনয়ন ঘিরে ভিড় ও উত্তেজনার কথা মাথায় রেখে গোটা এলাকা ছিল নিরাপত্তার চাদরে মোড়া। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতির উপর কড়া নজর রাখেন। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে বিশেষ সতর্কতা নেওয়া হয়। মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থীরা আত্মবিশ্বাসী সুরে জানান, রাজ্যে আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, মানুষের সমর্থন তাঁদের সঙ্গেই রয়েছে এবং জয় কেবল সময়ের অপেক্ষা।অন্যদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, “কে কী বলছে বলুক, আমরা নিজেদের পথে এগোচ্ছি।” তাঁর দাবি, মানুষ পরিবর্তন চাইছে এবং নির্বাচনের ফলেই তার প্রতিফলন দেখা যাবে।
কড়া নিরাপত্তায় ব্যারাকপুরে তৃণমূল-বিজেপির মনোনয়ন জমা

