মনোনয়ন জমাতে পুলিশের সঙ্গে সিপিএমের ব্যাপক সংঘর্ষ

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভা এলাকা। আইএসএফ-সিপিএম জোট প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল মনোনয়ন জমা দিতে আসার আগেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কমিশনের নির্দেশ অমান্য করে জোট সমর্থকরা বেআইনি জমায়েত করে এবং পুলিশের গার্ডরেল সরিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিতে গেলে পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এমনকি কিছু সিপিএম কর্মী ও সমর্থকের বিরুদ্ধে পুলিশের উদ্দেশে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। “চামড়া তুলে নেওয়া হবে” এমন হুমকিও শোনা যায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকেই মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকার অনুমতি রয়েছে। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।ঘটনার জেরে এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে দিকেই জোর দিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *