কংগ্রেসে ঘর-ওয়াপসি! তৃণমূল ভাঙনে ডোমকলে জল্পনা!

বিধানসভা নির্বাচনের আগে ডোমকলে শক্তি বাড়াতে মরিয়া কংগ্রেস। প্রার্থী ঘোষণার পরেই ব্লক কংগ্রেস সভাপতি মশিউর রহমান টাইটানের নেতৃত্বে শহর জুড়ে বিশাল মিছিল করে প্রচারে ঝাঁপালেন কংগ্রেস প্রার্থী শাহানাজ বেগম। এই ‘মেগা শোডাউন’ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
মিছিল ঘিরে বিশেষভাবে নজর কেড়েছে টাউন তৃণমূলের পরিচিত মুখ শাকিল মিঞা রাজুর কংগ্রেসে প্রত্যাবর্তন। যোগদানের পরেই তিনি বলেন, “কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়ে ভুল করেছি, পাপ করেছি। তাই আবার কংগ্রেসেই ফিরলাম।” তাঁর এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনা আরও উসকে দিয়েছে। এদিনের কর্মসূচিতে প্রার্থী শাহানাজ বেগমের উপস্থিতিতে কংগ্রেস কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তিনি দাবি করেন, তৃণমূলের ‘লাগামহীন দুর্নীতি’র বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। “ভোটের আগে আরও বহু নেতা কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ডোমকলে দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক এই যোগদান এবং জোরদার প্রচার সেই সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে পারে। অন্যদিকে, তৃণমূল শিবিরে এই ঘটনায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে ডোমকলে কংগ্রেসের এই শক্তি প্রদর্শন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবেই যোগদান কতটা ফলপ্রসু হয় তার জন্য নির্বাচনী ফলাফলের অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *