জমি বিবাদে রণক্ষেত্র, দুই মহিলা সহ আরও ৬ জখমজমিকে কেন্দ্রকরে গণ্ডগোলের সূত্রপাত। পরবর্তীতে বিবাদ হাতাহাতিতে পৌঁছয়। ঘটনাটি ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালাম সাহাপুর এলাকায়। দু’পক্ষের সংঘর্ষে দুই মহিলা সহ মোট ছয়জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা যায়, বারো শতক জমির মধ্যে তিন শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই আসগর আলি ও আসফাকের সঙ্গে রবিউল ও সাজ্জাদের বিবাদ চলছিল। অভিযোগ, শুক্রবার রবিউলরা আসগরদের গালিগালাজ করতে থাকলে তা নিয়ে প্রতিবাদ জানানো হয়। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আচমকাই রবিউলরা ধারালো অস্ত্র নিয়ে আসগরদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি বাড়িঘর ভাঙচুর, মোটরবাইক, সোনার গয়না ও নগদ টাকা লুঠপাটেরও অভিযোগ উঠেছে। যদিও রবিউলের পরিবারের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, আসগররাই প্রথম গালিগালাজ ও হামলা চালায়। ভাঙচুরের অভিযোগও তারা অস্বীকার করেছে। তাদের আরও দাবি, এই সংঘর্ষে রবিউলদের পরিবারের লোকজনই বেশি জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনকে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে, অপর এক গুরুতর আহতকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার পর আক্রান্ত আসগর আলির পরিবারকে সঙ্গে নিয়ে চাকুলিয়া থানায় যান জেলা কংগ্রেস নেতা আলি ইমরান রমজ। তাঁর অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতিরাই আসগর আলির বাড়িতে হামলা চালিয়েছে। তিনি মূল অভিযুক্তদের গ্রেফতারির পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে রাজনৈতিক যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। তাঁর দাবি, জমি বিবাদ মেটানোর চেষ্টা করা হলেও আসগরদের পরিবার তাতে কর্ণপাত করেনি। দু’পক্ষই চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। একজনকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জমি বিবাদে রণক্ষেত্র, দুই মহিলা সহ আরও ৬ জখম

