লরির চাকায় পিষ্ট যুবক, রণক্ষেত্র কীর্ণাহার

লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের কীর্ণাহার এলাকা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কীর্ণাহার বাসস্ট্যান্ডের কাছে কোলা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়দের বিক্ষোভে প্রায় এক ঘণ্টা মৃতদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শড়ানন দলুই। বয়স ২৮ বছর। বাড়ি ফেরার পথে নানুর দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি তাঁকে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কার পর লরির চাকায় যুবকের দেহ পিশে যায়। স্থানীয়দের কথায় ধাক্কা মারার পর গাড়িটি প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত যুবকের দেহ ঘষে ঘষে নিয়ে যায়। ঘটনায় যুবকের দেহ কার্যত ক্ষতবিক্ষত হয়ে পড়ে। এরপরই ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে তাঁরা। অভিযুক্ত গাড়ির দ্রুত গ্রেফতারির দাবিতে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। কিছু সময়ের জন্য এলাকায় কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন নানুর, কীর্ণাহার ও লাভপুর থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ আলোচনার পর প্রায় এক ঘণ্টা পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *