পাখনায় বিশেষ ধরনের ডোরা দাগ!

পাখনায় বিশেষ ধরনের ডোরা দাগ! রূপনারায়নের জলে নতুন মাছপূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ নদীতে মিলল নতুন প্রজাতির মাছ। তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের দীর্ঘ সমীক্ষায় এই মাছের সন্ধান মিলেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুটাক্সা-য় প্রকাশিত গবেষণাপত্রে মাছটির নাম রাখা হয়েছে “বুটিস বর্গভীমি”। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী মা বর্গভীমার নামানুসারেই এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ডঃ তন্ময় ভট্টাচার্যের তত্ত্বাবধানে রূপনারায়ণ নদীর জীববৈচিত্র্য নিয়ে গবেষণার সময় এই নতুন প্রজাতির সন্ধান মেলে। গবেষণাটি করেছেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিজি কো-অর্ডিনেটর ডা. প্রীতিরঞ্জন পাহাড়ি। কলেজের গবেষক শুভদীপ মাইতি, সুদীপ্তা মণ্ডল ও মিতালী দাস।গবেষকদের কথায়, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রূপনারায়ণ নদীতে ধারাবাহিক সমীক্ষা চালানো হয়। সেই সময় স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় জাল ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে কয়েকটি মাছের নমুনা সংগ্রহ করা হয়। প্রথমদিকে এগুলিকে পরিচিত কোনো প্রজাতির মাছ বলে মনে হলেও পরে বিশদ পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, নমুনাগুলির গঠনগত বৈশিষ্ট্য অন্য প্রজাতির সঙ্গে পুরোপুরি মেলে না। পরে ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের মাধ্যমে গঠনগত বিশ্লেষণ এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। গবেষণায় দেখা গেছে, মাছটি ‘বুটিস’ গণের অন্তর্ভুক্ত। পাখনায় বিশেষ ধরনের ডোরা দাগ, শরীরের স্কেলের বিন্যাস এবং মাথার গঠনের পার্থক্যের ভিত্তিতে এটিকে পৃথক প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *