শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফৌজিজোত এলাকায় কয়েকদিন ধরেই চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বাসিন্দারা। অবশেষে বনদফতরের তৎপরতা সেই আতঙ্কে কিছুটা রাশ টানল। টোপে পড়ে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। খাঁচা বন্দি অবস্থায় চিতা বাঘ কে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে গরু-ছাগল উধাও হয়ে যাচ্ছিল। গ্রামবাসীদের অনুমান তার পেছনে মূল কারণ চিতাবাঘ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বনদফতরের কাছে খাঁচা বসানোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা। সেই অনুযায়ী, ফাঁসিদেওয়ার ফৌজিজোত এলাকায় একটি ব্যক্তিগত চা বাগানে খাঁচা পাতে বনদফতর। শনিবার ভোরে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ। সকালে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা খবর দেন ঘোষপুকুর বনদফতরকে। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে। তবে গ্রামবাসীদের আশঙ্কা, এলাকায় এখনও একাধিক চিতাবাঘ থাকতে পারে।চিতাবাঘ ধরা পড়ায় আপাতত স্বস্তির হাওয়া বইছে ফৌজিজোত গ্রামে। তবুও সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে বনদফতর।
খাঁচায় বন্দী চিতাবাঘ! আতঙ্ক মুক্ত গ্রাম

