বাংলার ভোটে উড়িষ্যা সীমান্তে কড়া নজরদারি! কারণ ঘিরে জল্পনানির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনের তৎপরতা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বত্র জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম বিধানসভা এলাকায় কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, সীমান্ত এলাকার মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং চালানো হচ্ছে। প্রতিটি চেকপোস্টে কেন্দ্রীয় বাহিনী, জেলা পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি, নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গোপীবল্লভপুর থানা এলাকার বাংলা ও উড়িষ্যা সীমান্ত সংলগ্ন হাতিবাড়ি ও নুড়িশোল নাকা পয়েন্টে একাধিক গাড়ি থামিয়ে কড়া নজরদারি চালানো হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ জানান, ‘সম্প্রতি এলাকায় দুটি পৃথক জায়গা থেকে মোট চার লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। দু’টি স্থান থেকেই দু’লক্ষ টাকা করে বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থ অবৈধ নয়। তবে নির্বাচনকালীন বিধি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ওই অর্থ আটক করা হয়েছে।’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন বিধি কার্যকর হওয়ার পর ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। সেই নিয়ম না মানার ফলেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচনের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন নাকা পয়েন্টে কড়া নজরদারি চালানো হচ্ছে।
বাংলার ভোটে উড়িষ্যা সীমান্তে কড়া নজরদারি

