অবৈধভাবে আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন দিল্লিতে গা ঢাকা দিয়ে থাকা এক আফগান নাগরিককে অবশেষে গ্রেফতার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্ত এলাকায়। যেখানে কড়া নজরদারির মধ্যেই সন্দেহজনকভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল ওই ব্যক্তি। সূত্রের খবর, ধৃত ব্যক্তি গোপনে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সীমান্ত পাহাড়ায় থাকা বিএসএফ জওয়ানদের নজরে আসে তার অস্বাভাবিক গতিবিধি। সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ফেলে ভারতীয় জওয়ানরা। সন্দেহ জনক গতি বিধি দেখে আটক করে। পরে তাকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে সে দিল্লিতে আত্মগোপন করে ছিল। কীভাবে সে ভারতে প্রবেশ করল, এবং কীভাবে এতদিন ধরে নজরের বাইরে রইল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তকারীরা মনে করছেন, এর পিছনে কোনও সুসংগঠিত চক্র কাজ করতে পারে। ধৃত ব্যক্তিকে শুক্রবার রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে, আন্তর্জাতিক সীমান্তে নজরদারির ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সীমান্তে ধরা পড়ল আফগান নাগরিক! দিল্লি যোগে চাঞ্চল্য

