নিজের বাড়ি থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ,খুনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৪ মার্চ:নিজের বাড়ি থেকে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কোতুলপুর থানার জলিঠ্যা গ্রামে।পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূর্ণিমা রানা। বয়স্কা ওই মহিলার গলায় ছুরি চালিয়ে খুন করেছে পুত্রবধূ এই সন্দেহে পুত্রবধূকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ণিমা রানার পরিবারে নিজের স্বামী ছাড়াও ছেলে ও পুত্রবধূ বসবাস করেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই পুত্রবধূ রিঙ্কু রানার সঙ্গে পূর্ণিমা রানার মতবিরোধ লেগে থাকতো। আজ সকালেই শাশুড়ি পূর্ণিমা রানার সঙ্গে ঝগড়া হয় পুত্রবধূ রিঙ্কুর। সে সময় বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূ ছাড়া আর কেউ ছিলেন না। দুপুরে সুশীল রানা বাড়িতে ফিরে দেখেন পূর্ণিমা রানা উপুড় হয়ে ঘরে পড়ে রয়েছে। ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে পূর্ণিমার দেহ উল্টে স্বামী সুশীল রানা দেখেন পূর্ণিমা রানার গলায় গভীর ক্ষত রয়েছে। স্থানীয়দের দাবি, শাশুড়ি ও পুত্রবধূর বিবাদের জেরে পুত্রবধূ শাশুড়ির গলা কেটে খুন করেছে। স্থানীয়দের কাছ থেকে শুনে সন্দেহ আরো তীব্র হয় পুলিশের।পুলিশ অভিযুক্ত রিঙ্কু রানাকে আটক করেছে।
নিজের বাড়ি থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ,খুনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে.

