নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতিক পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করেছে। ২৯৪ কেন্দ্র যেন আগুনের মুখে দাঁড়িয়ে। মুহূর্তে মধ্যে পরিস্থিতি বদলে যাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচন কার্যত হাই ভোল্টেজ কুরুক্ষেত্র! এবার হাইভোল্টেজ ভোট লড়াইয়ে শিরোনামে ক্যানিং পূর্বে। বৃহস্পতিবার রাতে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে পরপর দুই আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে বোদরা অঞ্চলের সাপা এলাকায়।অভিযোগ, নাজিবুল হক নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি লোহার রড দিয়েও আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অন্যদিকে, জীবনতলা থানার অন্তর্গত পারগাতী এলাকায় দ্বিতীয় ঘটনাটি ঘটে। অভিযোগ, সিরাজ লস্কর নামে এক আইএসএফ কর্মীকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। দুই ঘটনাতেই গুরুতর জখম হন ওই দুই আইএসএফ কর্মী। তাঁদের উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত গুরুতর আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও, সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
ISF কর্মীদের উপর হামলা! পুলিশি তদন্তে কোন মাথা!

