অমানবিকতার চরম নজির!বাঁকুড়া গামী রেল স্টেশনে শিশুর দেহ উদ্ধার.

অমানবিকতার চরম নজির!বাঁকুড়া গামী রেল স্টেশনে শিশুর দেহ উদ্ধার. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১ লা এপ্রিল:পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মশাগ্রাম বাঁকুড়া গামী রেল স্টেশন থেকে এক বছরের এক শিশুর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মম এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই অবুঝ শিশুকে স্টেশনে ফেলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।সোমবার সকালে মশাগ্রাম-বাঁকুড়া গামী রেলের মশাগ্রাম স্টেশনে শিশুটিকে পড়ে থাকতে দেখেন রেলের জিআরপি-র সিভিক ভলান্টিয়াররা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স)-কে। পরে জামালপুর থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পুলিশ জানায়, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, কিংবা মৃত্যুর কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শিশুটিকে হয়তো কেউ পরিকল্পিতভাবে ফেলে রেখে গেছে। তবে এটি হত্যার ঘটনা নাকি অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্টেশনের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি জানাজানি হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ ধরনের অমানবিক ঘটনা কেন ঘটল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *