শুভেন্দু গড়ে খাতা খুলতেই পারল না বিজেপি. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৩০ মার্চ: শনিবার কাঁথি এগ্রিকালচার এন্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাংকের (কার্ড ব্যাঙ্ক) নির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি। এই ব্যাংকে টানা ২৩ বছর সভাপতি ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এই ব্যাংকের নির্বাচন বিজেপির কাছে যথেষ্ট প্রেস্টিজিয়াস ফাইট ছিল। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪টি আসনে জেতে তৃণমূল। নির্বাচন শুরুর কিছুক্ষণ পর থেকে নির্বাচন শেষ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের সমর্থিত প্রার্থীদের ভোটার স্লিপ ছাড়িয়ে নেওয়া হয়েছে, কর্মীদের ধমক দেওয়া হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হয় বিজেপি নেতৃত্বরা তৃণমূল কর্মী এবং সমর্থকদের কটুক্তি করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় ১৩ টি কেন্দ্রে সকাল ৯’টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে ভোট গ্রহন পর্ব। নির্বাচন শেষে দেখা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪টি জিতলেও, ভোটাভুটির মাধ্যমে ৫৪ টি আসনে নির্বাচন হয়, আর এই নির্বাচনে শুভেন্দু অধিকারীর গড়ে খাতা খুলতে পারেনি বিজেপি। ৭৮ টি আসনের সবকটিতে জয়লাভ করেছে, শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।
শুভেন্দু গড়ে খাতা খুলতেই পারল না বিজেপি.

