এবার আসানসোল জেলা হাসপাতালে উদ্বোধন হল মা ক্যান্টিন ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৫ এপ্রিল:শনিবার আসানসোল জেলা হাসপাতালের চত্বরে উদ্বোধন হলো পাঁচ টাকার বিনিময়ে একবেলা পেট ভরে খাবারের রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন। এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং ৮৫ নম্বরের কাউন্সিলার কল্যাণী রায় সহ আরো অনেকে। হাসপাতাল চত্বরে এরকম প্রকল্পের জন্য সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরা। মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিদের সাথে সাথে এই ক্যান্টিনে প্রথম দিনে খেতে আসা সাধারণ মানুষের সাথে বসে মধ্যাহ্নভোজন করেন। এ দিনের মেনুতে ছিল মিনিকেট চালের ভাত, ডাল, পাঁচমিশালী তরকারি ও সিদ্ধ ডিম। অনুষ্ঠান চলাকালীন মলয় ঘটক নিজের হাতে এই ক্যান্টিনে খেতে আসা সাধারণ মানুষকে নিজের হাতে খাবার পরিবেশন করেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় দুঃস্থ মানুষের জন্য সারা রাজ্য জুড়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে একবেলার জন্য পেট ভরে খাবারের আয়োজন করেছেন।আসানসোল জেলা হাসপাতালে শুধু এই এলাকার নয় পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্যের বহু মানুষকে অসুস্থ অবস্থায় নিয়ে আসেন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের লোকজন। তারা তাদের পরিবারের লোককে হাসপাতালে সুস্থ চিকিৎসার জন্য ভর্তি করার পর আর্থিক অভাবে নিজেরা পেটের ক্ষুধা মেটাতে পারেন না। কিন্তু এবার থেকে এই ক্যান্টিন তাদের একবেলার ক্ষুধা নিবারণ করবে। এবং এই প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, এমনিতেই সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হাসপাতালে ক্যান্টিন রয়েছে কিন্তু অনেক ব্যক্তি যারা রোগীর সঙ্গে আসেন তারা সেই ন্যূনতম মূল্যও ব্যয় করতে পারেনা তাই মা ক্যান্টিন তাদের এই সমস্যা সমাধান করবে। শুধু তাই নয় এর আগে সরকারি প্রকল্পের অন্তর্গত রোগীর পরিজনদের রাত্রি যাপন করার জন্য রাত্রি যাপন কেন্দ্র অনেকদিন আগেই করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় বলেন,তার ওয়ার্ডে এই প্রকল্প হওয়ার জন্য তিনি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছেন। শুধু তাই নয় হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে। তিনি বলেন, আপাতত প্রত্যেকদিন এই ক্যান্টিন থেকে গড়ে তিনশো জনকে পাঁচ টাকার বিনিময় একবেলার খাবার দেওয়া হবে।
এবার আসানসোল জেলা হাসপাতালে উদ্বোধন হল মা ক্যান্টিন

