ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকা। ক্ষুব্ধ ভোটাররা আগুন জ্বালিয়ে বসিরহাটে নেজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথে মোট ১২৮৩ জন ভোটারের মধ্যে প্রায় ২৫৭ জনের নাম সাম্প্রতিক সংশোধনে বাদ পড়েছে। শুধু তাই নয়, বেশ কিছু ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এর ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে এলাকায়।বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার বিএলও, ইআরও এবং নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার কোনও সুরাহা হয়নি। কমিশনার তরফে স্পষ্ট করে সুরাহার বার্তা না মেলায় শেষ পর্যন্ত রাস্তা অবরোধের পথ বেছে নিতে বাধ্য হন তাঁরা। এদিন সকাল থেকেই রাজাপুর এলাকায় জড়ো হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। টায়ার ও কাঠ জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বাদ পড়া নামগুলি পুনর্বিবেচনা করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে বিক্ষোভ কর্মসূচি আরও তীব্রতর হবে এমনই হুশিয়ারি আন্দোলনরত ভোটারদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।
ভোটার তালিকায় নাম বাদ! প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ

