হাড়োয়ায় পোস্টার বিতর্কে তৃণমূল প্রার্থী কি চাপে!উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আব্দুল মাতিনকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এলাকাজুড়ে একাধিক চাঞ্চল্যকর পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ওই পোস্টারগুলিতে প্রার্থীর বিরুদ্ধে ভিনদেশি অর্থ লেনদেন, ট্রাস্টের নাম পরিবর্তন করে আর্থিক কারবার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি তাঁর পরিচালিত বেসরকারি স্কুলের নাম পরিবর্তনের মাধ্যমেও অর্থ লেনদেন হয়েছে বলে দাবি করা হয়েছে।এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই সরগরম হাড়োয়ার রাজনৈতিক পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে, তেমনই তৈরি হয়েছে বিভ্রান্তিও। যদিও পোস্টারগুলির সত্যতা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত মেলেনি। অপরদিকে, বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল বলেই দাবি করেছে। বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বক্তব্য, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এই পোস্টারবাজির মূল কারণ। তাঁর অভিযোগ, দলের ভিতরেই অসন্তোষ বাড়ছে। যার বহিঃপ্রকাশ এই ধরনের পোস্টারের মাধ্যমে ঘটছে। পাশাপাশি তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে হাড়োয়ার সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে মত দেবে এবং বিজেপির দিকেই ঝুঁকবে। তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের মুখে এ ধরনের পোস্টার বিতর্ক নতুন নয়, তবে এর প্রভাব কতটা পড়বে, তা সময়ই বলবে।
হাড়োয়ায় পোস্টার বিতর্কে তৃণমূল প্রার্থী কি চাপে

