মদের দোকানের বিরোধিতায় সরব মহিলারা, SDO-র কাছে দরবার

পাকাপাকি ভাবে মদের দোকান খোলার বিপক্ষে প্রতিবাদী মহিলার। প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলেন আলিপুরদুয়ার জেলার পশ্চিম চেপানি এলাকার স্থানীয় মহিলারা। বহু মহিলা একত্রিত হয়ে আলিপুরদুয়ারের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপিও জমা দেন। তাঁদের দাবি, ওই এলাকায় কোনওভাবেই মদের দোকান খোলা যাবে না। পাশাপাশি তারা জানান, অবিলম্বে মদের দোকান করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। প্রতিবাদী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পশ্চিম চেপানি এলাকায় একটি স্থায়ী মদের দোকান খোলার পরিকল্পনা করা হচ্ছে। যা এলাকার সামাজিক পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাঁদের বক্তব্য, ওই এলাকায় একটি প্রাচীন মন্দির রয়েছে। যেখানে নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে পূজার্চনা হয়ে থাকে। এছাড়াও এলাকার প্রায় প্রতি বাড়িতে কচিকাচাদের বাস। এমন সংবেদনশীল এলাকায় মদের দোকান চালু হলে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। মহিলারা জানান, মদের দোকান খোলা হলে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। বেশির ভাগ মদের ঠেকে অরাধীদের আসর জমে। সেক্ষেত্রে এলাকায় মদের দোকান হলে অপরাধমূলক কার্যকলাপ আরও বাড়তে পারে। বিশেষ করে যুব সমাজের উপর এর কুপ্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলেও তাঁদের অভিযোগ। তাই আগাম এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এদিন প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেন প্রতিবাদীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে মহিলাদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মদের দোকান খোলার প্রস্তাব পুরোপুরি বাতিল হচ্ছে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। ঘটনায় পশ্চিম চেপানি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *