জলপাইগুড়ির রাজগঞ্জে শোকের ছায়া। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন-এর বাবা পঞ্চানন বর্মনের প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ। শুক্রবার ভোররাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পঞ্চানন বর্মন। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত কয়েক দিন ধরে বাবার সেবায় ব্যস্ত ছিলেন স্বপ্না বর্মন নিজে। বাবার দ্রুত আরোগ্য কামনায় পুজো-অর্চনাও করেছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন স্বপ্না। কিন্তু তার আগেই এই আকস্মিক দুঃসংবাদে ভেঙে পড়েছেন তিনি ও তাঁর পরিবার। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। রাজনৈতিক মহল থেকেও শোকবার্তা আসতে শুরু করেছে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে পারিবারিক এই শোক।দুইয়ের মাঝে কঠিন সময়ের মধ্যে পড়লেন স্বপ্না বর্মন। আপাতত সমস্ত কর্মসূচি স্থগিত রেখে পরিবারকে সময় দিচ্ছেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন।
তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পিতৃ বিয়োগ! শোকস্তব্ধ রায়গঞ্জ

