অভিনেতা দেবের রোডশোয় কুমারগঞ্জে জনজোয়ার!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবাসরীয় প্রচারে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র কার্যত উৎসবের চেহারা নিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাফ হোসেন মন্ডলের সমর্থনে হুডখোলা গাড়িতে রোড শো করলেন জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এদিন কুমারগঞ্জের চক্রামরাই এলাকা থেকে শুরু হয় এই রোড শো। যা প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে কুমারগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য বহু মানুষ ভিড় জমান। কেউ অটোগ্রাফ নেন, কেউ আবার সেলফিতে বন্দি করেন মুহূর্তটি। রোড শো চলাকালীন বিভিন্ন জায়গায় থেমে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দেব। পাশাপাশি তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডলের সমর্থনে ভোটের আবেদনও জানান তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। স্থানীয় নেতৃত্বের দাবি, এই রোড শো নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে।
এদিনের কর্মসূচির শেষে সম্প্রতি প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দেব। এক মিনিট নীরবতা পালন করে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান তিনি। ভোটের আগে তারকা প্রচারকে কেন্দ্র করে কুমারগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। দেবের উপস্থিতি যে তৃণমূলের প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে, তা নিয়ে কোনও সংশয় নেই বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *