তৃণমূলের ইস্তাহারে ‘দুয়ারে চিকিৎসা’! ১০ দফা প্রতিশ্রুতিতে চমক ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ১০ দফা প্রতিশ্রুতি। আজই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কালীঘাটের বাড়ি থেকে বিকেলে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করলেন। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অমিত মিত্র, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। ইস্তাহারে একাধিক জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি রাখা হয়েছে। ২০২১ এর ভোটের আগে দুয়ারে সরকার চালু করে সরকারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে চমকে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাস। এই প্রকল্পের আওতায় প্রতি ব্লকে ক্যাম্প করে মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রে সরকারি স্কুলগুলির পরিকাঠামোর সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার মান বাড়ানোর কথাও বলা রয়েছে ইস্তাহারে। কৃষিক্ষেত্রে কৃষকদের আর্থিক সহায়তা, শস্য সংরক্ষণ ও কৃষি পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আবাসন প্রকল্পে রাজ্যের সমস্ত পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যের কথাও জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা আরও জোরদার করার উপর জোর দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে। সকলকে নিয়মিত ভাতা এবং স্বাস্থ্য পরিষেবার সুবিধা বাড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ দল। শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নতুন নীতি গ্রহণের কথাও বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে সাতটি নতুন জেলা গঠন করে পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও রয়েছে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে। কালীঘাটের বাড়ি থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মেগা ১০ দফা প্রতিশ্রুতি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান একাধিক ইস্যু ভিত্তিক দাবিকে ইস্তাহারে প্রকাশ। নির্বাচনী বৈতরণীতে কৌশলী পদক্ষেপ মনে করছে ওয়াকিবহাল মহল।
তৃণমূলের ইস্তাহারে ‘দুয়ারে চিকিৎসা’!

