কর্মসংস্থানের দাবিতে রাজভবন অভিমুখে পদযাত্রা

‘বেকার ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই’। এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল-ঝাড়গ্রাম থেকে রাজভবন অভিযানে পায়ে হেঁটে রওনা দিলেন অল্প বয়সি চাকরি প্রার্থদের একটি দল। পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের উদ্যোগে শুরু হওয়া এই ‘সংকল্প যাত্রা’ ইতিমধ্যেই জেলায় জেলায় সাড়া ফেলেছে। আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাব এবং শিল্পোন্নয়নের মন্থর গতি রাজ্যের বহু শিক্ষিত যুবক-যুবতী অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন। বেকার ভাতা সাময়িক স্বস্তি দিলেও তা স্থায়ী সমাধান নয়। এই বার্তাই পৌঁছে দিতে তাঁরা রাজভবনের উদ্দেশ্যে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছেন।পাঁশকুড়ার মেচোগ্রাম হয়ে পদযাত্রীরা কলকাতার দিকে এগোচ্ছেন। পথে বিভিন্ন জায়গায় রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মানুষজনও অনেক ক্ষেত্রে জল, খাবার দিয়ে সহায়তা করছেন বলে দাবি অংশগ্রহণকারীদের। তাঁদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প স্থাপন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং কর্মসংস্থানের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে সরকারকে। আন্দোলন কারীরা আরও জানান, রাজভবনে পৌঁছে তাঁরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে চান। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে নিরাপত্তার স্বার্থে পথে পুলিশি নজরদারি রয়েছে বলে সূত্রের খবর। চাকরির দাবিতে যুবসমাজের এই দীর্ঘ পদযাত্রা শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়। শিক্ষিত যুবক যুবতীদের জন্য আগামী দিন কর্মসংস্থানের নিশ্চিত কোন দিশা দেখাতে পারে কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *