ভোট মুখে সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

তিনটি দেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন। এলাকায় এমনিতেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ। তার অপর বুধবার রাতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রতনপুর স্টেশন মোড় এলাকায় অভিযান চালায় সামসেরগঞ্জ থানার একটি দল। সেখান থেকে নবীরুল শেখ নামে এক যুবককে আটক করা হয়। বয়স ২৭ বছর। যুবককে তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি এলাকায় বলে জানা গিয়েছে। এর পর রাতে ধূসরিপাড়া কলোনিতে উমর হালদারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় আরও দুটি দেশি পাইপ গান এবং তিন রাউন্ড গুলি। উমর হালদারের বাড়ি সামসেরগঞ্জ থানার ধূসরিপাড়া এলাকাতেই। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে চেষ্টা করছে, আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। কোনও বড় অস্ত্র চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত চলছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয় বাসিন্দাদের চিন্তামুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *