বিজেপি বনাম বিজেপি! খড়দহে গোষ্ঠী কোন্দলে জেরবার

বিজেপি বনাম বিজেপি! খড়দহে গোষ্ঠী কোন্দলে জেরবার ভোটের মুখে ফের প্রকাশ্যে এল গোষ্ঠীকোন্দল। উত্তর ২৪ পরগনার খড়দহে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খড়দহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কল্যাণ নগর মাঠপাড়া এলাকায় বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মী শিশির রায়কে বাড়ির সামনে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই দুই কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিশ্বজিৎ সরদার ও তপন দাস নামে দুই বিজেপি কর্মী বাইকে করে এসে শিশির রায়ের বাড়ির সামনে হাজির হয়। এরপর তাঁকে লক্ষ্য করে হুমকি দেয় বলে দাবি। ঘটনাটি ঘটার সময়কার ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন শিশির রায় ও তাঁর পরিবার। বর্তমানে তাঁরা গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নির্বাচন যত এগিয়ে আসছে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ততই বাড়ছে। তার জেরে সাধারণ কর্মীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। বিরোধীদের দাবি, এটি বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ঘটনায় কেউ জড়িত থাকলে দলের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।ভোটের আগে এই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপের খবর না মিললেও, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *