ভোটার তালিকায় নাম বাদ! উত্তাল সাগরদিঘীর ঠাকুরপাড়া

সাগরদিঘী বিধানসভার ঠাকুরপাড়া এলাকার ৩৪ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, প্রায় ৪০০ জনের নাম বিচারাধীন থাকার পর চূড়ান্ত তালিকা থেকে ৩২৬ জনের নাম বাদ পড়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রাম জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে ভোট দিয়ে আসা সত্ত্বেও হঠাৎ করে নাম বাদ পড়া মেনে নেওয়া যায় না। ঠাকুরপাড়ার বাসিন্দা শাফেল সেখ বলেন, “১৯৭২ সাল থেকে ভোট দিয়ে আসছি। অথচ আমার ছেলের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাহলে কি আমাদের ছেলেরা বাংলাদেশি?” বিক্ষুব্ধ গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে ভোটার তালিকা সংশোধন করতে হবে, তারপরেই ভোট। অন্যথায় তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। ইতিমধ্যেই সেই দাবিতে সরব হয়েছে ৩৪ নম্বর বুথের বাসিন্দারা। এদিকে, নির্বাচনের মুখে যখন বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত, তখন এই সমস্যায় তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের প্রশ্ন, ভোটের সময়ই যদি মৌলিক ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তবে গণতন্ত্রের অর্থ কী? পুরো ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত সমস্যা সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *