রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগণার উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে। সাগর, নামখানা, পাথরপ্রতিমা ও কাকদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি রয়েছে। এখনও আকাশের অবস্থা পরিষ্কার হয়নি। নীল আকাশে কালো মেঘের ভ্রুকুটি। বৃষ্টির পাশাপাশি সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভূখণ্ডে প্রবেশ করছে। এই পরিস্থিতির জেরে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ৬০ থেকে ৮০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন হাওয়া অফিস। উত্তাল সমুদ্রের কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আবহাওয়াবিদদের মতে, আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকায় এবং ঝোড়ো হাওয়ার দাপটে জনজীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
উত্তাল সমুদ্র! দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি

