বুধবার ভোরেই ভয়াবহ পথ দুর্ঘটনা। রক্তাক্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা এলাকা। বাসন্তী হাইওয়েতে যাত্রীবোঝাই অটো ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ থেকে একটি চারচাকা গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টোদিক থেকে মালঞ্চের দিকেই আসছিল একটি যাত্রীবোঝাই অটো। মিনাখা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আচমকাই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মিনাখা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অটো ও ঘাতক গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩

