অস্ত্র মহিলা ভোটার! ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর বিশেষ কৌশল

ভোটের আগে ঘরোয়া প্রচারে জোর দিলেন মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবিতা মন্ডল। মঙ্গলবার মানিকচক ব্লকের কামালপুর এলাকার বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে প্রচারে নামেন তিনি। সঙ্গে ছিলেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। সরাসরি মানুষের দরজায় পৌঁছে তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি ভোটের আবেদন জানান প্রার্থী।বিশেষত মহিলা ভোটারদের সঙ্গে কথা বলায় গুরুত্ব দেন কবিতা মন্ডল। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো মিলছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। বাসিন্দাদের কাছ থেকে পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক স্থানীয় সমস্যার কথাও শোনেন। প্রার্থী জানান, এই সমস্যাগুলির সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। প্রচারের সময় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করে তাঁর হাত শক্ত করার আহ্বান জানান। উল্লেখ্য, ইতিমধ্যেই মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেছেন দলনেত্রী। সেই সভায় তিনি যেসব নির্দেশ দিয়েছিলেন, বিশেষ করে SIR-র কারণে কমিশনের খাতায় বাদ পড়া মানুষদের সমস্যার সমাধানে কাজ চলছে বলেও জানান কবিতা মন্ডল।গ্রাম ঘুরে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রচারে গতি আনতে চাইছে তৃণমূল। ভোটের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *