ভাইকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত. ওয়েব ডেস্ক উত্তরের কলম,২৪ মার্চ:কোতুলপুরে পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাইকে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এদিকে ঘটনার পর আজো গোটা এলাকা থমথমে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাঁকুড়ার কোতুলপুর থানার শাহানা রঘুনাথপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় পুকুর সংস্কারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিবাদ বাধে পুকুরের দুই শরিক ফরিদুর রহমান ভুঁইয়ার সঙ্গে তাঁর খুড়তুতো ভাই হাসিবুল রহমান ভুঁইয়ার। বিবাদের জেরে হাসিবুল রহমান ভুঁইয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে ফরিদুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন হাসিবুল রহমান ভুঁইয়া। ঘটনার জেরে স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে ফরিদুর রহমান ভুঁইয়ার দোকান ও বাড়িতে। তাঁর দোকান ও বাড়িতে ব্যপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আটক করা হয় মূল অভিযুক্ত ফরিদুর রহমান ভুঁইয়াকে। আজ ফরিদুরকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে কোতুলপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গুরুতর ভাবে আঘাত করার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গোটা ঘটনায় এলাকাজুড়ে আজো পরিবেশ থমথমে। নতুন করে এলাকায় উত্তেজনার আশঙ্কায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও।
ভাইকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত.

