নির্বাচনের আগে ফের সাফল্য বক্সিরহাট থানার পুলিশের। অসম-বাংলা সীমান্ত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার অসমের এক যুবক। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। নির্বাচনের ঠিক আগে ফের বড়সড় সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। শনিবার গভীর রাতে অসম-বাংলা সীমান্তের বালাকুটি বউবাজার এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ অসমের এক যুবককে গ্রেফতার করল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম খারিদুল সেখ। বয়স ২৩ বছর। তার বাড়ি অসমের ধুবড়ি জেলায় বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বালাকুটি বউবাজার এলাকায় অভিযান চালায় বক্সিরহাট থানার পুলিশ। সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ওই যুবকে আটক করে তল্লাশি চালাতেই তার ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। নির্বাচনের প্রাক্কালে সীমান্ত এলাকা দিয়ে ওই যুবক অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল, তার উদ্দেশ্য কী ছিল! আগ্নেয়াস্ত্র ওই যুবকের কাছে কি করে এলো! কোথায় নিয়ে যাচ্ছিল পাশাপাশি এর সঙ্গে আরো বড় চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে জানা গিয়েছে।
অসম-বাংলা সীমান্তে আগ্নেয়াস্ত্রের রমরমা! পুলিশের জালে গ্রেপ্তার যুবক

