আলিপুরদুয়ারে চিতা বাঘের হামলা, চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৭ এপ্রিল:চা বাগানের পর এবার আলিপুরদুয়ার জেলার কালচিনির অন্যান্য এলাকায়ও চিতাবাঘের হামলায় ঘুম উড়েছে বাসিন্দাদের।অভিযোগ, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে প্রতিনিয়ত কালচিনি ব্লকের সাতালি নাকাডালা এলাকায় হানা দিচ্ছে চিতাবাঘ এবং নিয়ে যাচ্ছে বাসিন্দাদের বাড়ি থেকে গবাদি পশুও।চিতাবাঘের এরূপ হানায় একদিকে যেখানে জীবিকা হারানোর আশঙ্কা, অপরদিকে প্রতিনিয়ত চিতাবাঘ লোকালয়ে আসায় ভয়ে ঘুম উড়েছে সাতালি নাকাডালা এলাকার বাসিন্দাদের। সন্ধ্যা নামতেই গৃহবন্দী হয়ে পড়ছেন বাসিন্দারা, খুব একটা জরুরি কাজ ছাড়া কেউই বেরোন না বাড়ি থেকে, এমনটাই দাবি বাসিন্দাদের।বাসিন্দাদের কথায়, এই এলাকায় কয়েকশো পরিবারের বাস।আর সকলেরই অন্যতম প্রধান জীবিকা হল পশুপালন। আর চিতাবাঘ এসে বাসিন্দাদের বাড়ি থেকে শুকর,ছাগল, গরুর মতো গবাদি পশু নিয়ে যাচ্ছে ফলে জীবিকা হারানোর আশঙ্কায় রয়েছি আমরা।অপরদিকে বাসিন্দারা জানান, এখন না হয় গবাদি পশুর ওপর হামলা করছে, পরবর্তীতে আমাদের ওপর করবে না তার কী নিশ্চিয়তা রয়েছে।বনদফতরের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। যদিও বাসিন্দাদের দাবি মেনে এলাকায় একটি খাঁচাও বসানো হয়েছে বনদফতরের তরফে তবে এখনও খাঁচাবন্দি হয়নি চিতাবাঘ।
আলিপুরদুয়ারে চিতা বাঘের হামলা, চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর

