ডানলপে গ্যাস সংকটে অটো চালকদের কপালে হাত

এলপিজি গ্যাসের তীব্র সঙ্কটে কার্যত বিপর্যস্ত ডানলপ।বারাকপুর অটো রুটেও যাত্রী দুর্ভোগ চরমে। প্রায় ৩০০০ অটোচালক এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। বারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ গ্যাস পাম্পে এলপিজি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে ডানলপে একটি মাত্র গ্যাস পাম্প খোলা থাকায় সেখানে ভোররাত থেকেই দীর্ঘ লাইন পড়ছে অটোর। চালকদের দাবি, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই শেষ পর্যন্ত গ্যাস পাচ্ছেন না। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ অটোর লাইন তৈরি হয়েছে। গ্যাসের অভাবে বহু অটো রাস্তায় নামতে পারছে না। ফলে বিটি রোডে অটোর সংখ্যা দেখে চোখ কপালে উঠছে নিত্যযাত্রীদের। অটোচালকদের একাংশের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাধ্য হয়ে অটো পরিষেবা বন্ধ করতে হতে পারে। এতে শুধু যাত্রী পরিষেবাই ব্যাহত হবে না, চালকদের সংসার চালানোও কঠিন হয়ে পড়বে। অনেকেই জানিয়েছেন, সঠিক সময়ে গ্যাস না পেলে তাঁদের চরম আর্থিক সংকটে পড়তে হবে। চালকদের দাবি, দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পাশাপাশি একাধিক পাম্পে এলপিজি সরবরাহ চালু করারও দাবি উঠেছে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আগামী দিনে অটো পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *