জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘিরে তীব্র জটিলতা। বিজেপির একই আসনে দাবিদার দু জন! মনোনয়ন পর্যন্ত জমা দিয়ে এসেছেন দুই নেতা। একজনে নাম কৌশিক রায় অপরজন ডালিম রায়। ফলে নির্বাচনের মুখে বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঘোষিত প্রার্থী তালিকায় ময়নাগুড়ি আসনের জন্য বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম ছিল। কিন্তু পরবর্তীতে হঠাৎই সেই তালিকায় পরিবর্তন এনে তাঁর পরিবর্তে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কৌশিক রায়। পাশাপাশি প্রার্থী পদ ছাড়তে অস্বীকার করেন। শুক্রবার সকালেই জলপাইগুড়ি পৌঁছে কৌশিক রায় নিজের মনোনয়নপত্র জমা দেন। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন ডালিম রায়ও। তিনিও পৃথকভাবে মনোনয়ন জমা করেন। দুই নেতারই দাবি, তিনিই দলের ‘আধিকারিক’ প্রার্থী এবং তিনিই পদ্ম প্রতীক নিয়ে লড়বেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। একই আসনে দলের দুই দাবিদার প্রার্থী থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে কর্মী সমর্থকদের মধ্যেও। জেলা বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট করে কোনও মন্তব্য করেনি। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কাকে প্রতীক দেবে, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের। ভোটের মুখে এই ধরনের দ্বন্দ্ব যে সংগঠনের পক্ষে অস্বস্তিকর, তা মানছেন দলেরই একাংশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
প্রার্থী পদে পদ্মে কাঁটা! ময়নাগুড়িতে বিজেপির কোন্দল

