১০০০ মানুষের নাম বাদচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ১ পঞ্চায়েতে নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই পঞ্চায়েতে ২১৩০ জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, যার মধ্যে ১১৬৪ জন গোর্খা সম্প্রদায়ের মানুষ। বিষয়টি সামনে আসতেই শাসকদল সরাসরি নিশানা করেছে বিজেপিকে। তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি প্রেমা লামা অভিযোগ করেন, “বিজেপি ও নির্বাচন কমিশন দাবি করছিল অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এলাকার বৈধ ভোটার, বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মানুষের নাম কাটা পড়ছে।” তিনি আরও বলেন, “গতবারের বিধায়ক তথা এবারের বিজেপি প্রার্থী বিশাল লামা নিজেও গোর্খা সম্প্রদায়ের মানুষ। অথচ এই ইস্যুতে তাঁকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে না।” এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। নাম বাদ যাওয়া বহু ভোটারই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধান চান।অন্যদিকে, বিজেপি প্রার্থী বিশাল লামা অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, “কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যাঁদের নাম বাদ পড়েছে বা বিচারাধীন রয়েছে, তাঁদের আবেদনপত্র আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবনে জমা নেওয়া হচ্ছে।” প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম মেনেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। ভোটের আগে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা বাড়ছে। যা আগামী দিনে নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
SIR বিভ্রাটে দিশেহারা গোর্খা!

