দিনহাটা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. অমিতাভ দত্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। দিনহাটা পুরসভার বাবুপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। কলেজ সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত তিনি কলেজে পরীক্ষার ডিউটি করেছেন। অথচ বুধবার সকাল থেকে তাঁর কোনও খোঁজ না মেলায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা ও সহকর্মীরা। কলেজে যাননি অধ্যাপক। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন অধ্যাপকের বাড়িয়ে যায়। দরজা বন্ধ দেখে পুলিসকে খবর দেয়। পুলিশ ও দমকল কর্মীরা অধ্যাপকের বাড়িতে পৌঁছে দরজা খুলতে না পেরে দরজা ভেঙে ভিতরে প্রবেশকরে। দেখা যায়, ঘরের বিছানায় নিথর অবস্থায় পড়ে রয়েছেন অধ্যাপক। ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন চোখে পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। অধ্যাপকের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলেও জানা গেছে। ফলে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তসাপেক্ষ। ড.অমিতাভ দত্ত দীর্ঘদিন ধরে দিনহাটা কলেজের সঙ্গে যুক্ত ছিলেন এবং দু’বছর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন। তাঁর মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও শিক্ষা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
দিনহাটা কলেজের অধ্যাপকের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য!

