কমিশনের খাতায় ভোটারের নাম বাদ! পথ অবরোধ করে মানিকচকে আগুন

কমিশনের খাতায় ভোটারের নাম বাদ! পথ অবরোধ করে মানিকচকে আগুন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল মালদহের মানিকচক। বৃহস্পতিবার সকাল থেকেই মানিকচক স্ট্যান্ড চত্বর জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ ও পথ অবরোধ। ক্ষুব্ধ সাধারণ মানুষ রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, SIR প্রক্রিয়ার নামে একাধিক গ্রামের বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভ দেখিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। ফলে যান চলাচল কিছু মুহূর্তের জন্য কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছে সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন, ততক্ষণ অবরোধ চলবে। তাঁদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে বলে দাবি তাঁদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ঘটনাস্থলে। উত্তেজনা প্রশমনের চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে এই ধরনের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের কাছে। একইসঙ্গে এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *