নির্বাচনী প্রচারে নেমে লিলুয়াবাসীর দীর্ঘদিনের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিলেন বালি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শঙ্কর মৈত্র। বৃহস্পতিবার সকালে লিলুয়ার ভট্টনগর, সূর্যনগর সহ একাধিক এলাকায় প্রচারে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, “কোনও ভাঁওতা দিয়ে নয়, রুটি সেঁকেও নয়। জমা জলের হাত থেকে লিলুয়াকে মুক্ত করবই, এটাই আমার অঙ্গীকার।” প্রচারের সময় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বালি পৌরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। কাউন্সিলরও নেই। ফলে নাগরিক পরিষেবায় ভাটা পড়েছে। জঞ্জাল, আবর্জনা এবং নর্দমার জমা জল বর্তমানে বালি, বেলুড় ও লিলুয়া এলাকার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তাঁর।শঙ্কর মৈত্র বলেন, “আমরা উন্নয়নের নামে শুধু চাকচিক্য দেখাই না। মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, বামফ্রন্ট ক্ষমতায় এলে জঞ্জালমুক্ত ও আবর্জনামুক্ত শহর গড়ে তোলা হবে। নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এদিন সকালে লিলুয়ার ভট্টনগর গোলবাড়ি এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। চায়ের কাপে চুমুক দিয়ে সকাল সকাল রাস্তায় নেমে পড়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে বাম প্রার্থী। এলাকায় জল জমার সমস্যা যে ভোটের ইস্যু হয়ে উঠছে, তা স্পষ্ট রাজনৈতিক মহলে। এই ইস্যু আগামী নির্বাচনে কোনো ফলপ্রসূ ভূমিকা নিতে পারে কিনা প্রচার শেষে এটায় বড় চ্যালেঞ্জ।
লিলুয়াতে আর জল জমবে না! শঙ্কর মৈত্র নতুন অঙ্গীকার

