পানিহাটি পৌরসভার এলাকা জুড়ে দীর্ঘদিনের আবর্জনা সমস্যায় জেরবার সাধারণ মানুষ। ফের সেই ছবিই ধরা পড়ল সোদপুর-মধ্যমগ্রাম রোডে। রাস্তার একাংশ জুড়ে তৈরি হয়েছে আবর্জনার পাহাড়। যাতায়াত থেকে শুরু করে যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। ব্যস্ততম এই রাস্তায় স্কুলপড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, পানিহাটি রামচন্দ্রপুরের ভাগাড় এলাকা বন্ধ হবার পর পৌরসভা বিভিন্ন জায়গায় অস্থায়ী ভ্যাট তৈরি করেছে। সেগুলিতেই নির্বিচারে ফেলা হচ্ছে আবর্জনা। তার ফলেই গুরুত্বপূর্ণ রাস্তার উপরেই দিনের পর দিন জমছে ময়লার স্তূপ। দুর্গন্ধে টিকতে পারছেন না পথচারীরা। চালকেরা অধিকাংশ সময় গাড়ি অন্য পথে ঘুরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। নিত্যযাত্রীদের দাবি, এই সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরে সমস্যার জেরে প্রায় সই ভোগান্তির মুখে পড়তে হয়। এ নিয়ে বারবার পৌরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। উল্টে আবর্জনার পরিমাণ দিন দিন বাড়ছে। ফলস্বরূপ এলাকায় যানজট, দূষণ এবং স্বাস্থ্যঝুঁকি মতো সমস্যা দেখা দিয়েছে। শেষমেষ ক্ষুব্ধ যাত্রীরা পানিহাটি পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। তাঁদের বক্তব্য, ‘নিয়মিত ময়লা তোলা হলে এই পরিস্থিতি তৈরি হতো না। কাজ করছে না পৌরসভা। সাধারণ মানুষের ভোগান্তির দায় পৌরসভা কেই নিতে হবে। যদিও অভিযোগের জবাবে সাফাই দিয়েছেন পানিহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। তাঁর দাবি, ইতিমধ্যে বিকল্প ডাম্পিং ব্যবস্থার কাজ শুরু হয়েছে। দ্রুত আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করা হবে। পৌরসভার পক্ষ থেকে আশ্বাস মিললেও ব্যস্ততম পথে কবে মিলবে সুরাহা! সেদিকেই তাকিয়ে দিন গুনছেন এলাকাবাসী।
আবর্জনায় ঢেকেছে সোদপুর-মধ্যমগ্রাম রোড,পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ

