সারারাত লম্বা লাইন, গ্যাস সংকটে ডানলপ! গ্যাসের অভাবে বিপাকে ডানলপ। সমস্যায় বারাকপুর অটো রুটের হাজার হাজার চালক সহ নিত্য যাত্রীরা। পর্যাপ্ত সিএনজি গ্যাস না পাওয়ায় এলাকার ব্যস্ততম রুটে অটো পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। ফলে সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়ছেন। তেমনই আর্থিক সংকটে পড়েছেন বহু অটোচালক। জানা গেছে, ডানলপ-বারাকপুর রুটে তিন হাজারেরও বেশি অটো চলাচল করে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই অটো পরিষেবার উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক সময়ে পাম্পে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বহু অটো গ্যাস ভরতে পারছে না। ফলে বাধ্য হয়ে অনেক চালককে গাড়ি না চালিয়েই ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে নীলগঞ্জ রোডের গ্যাস সেন্টারে প্রতিদিনই অটোর দীর্ঘ লাইন পড়ছে। সন্ধ্যা থেকেই অটো নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছেন চালকেরা। অনেক ক্ষেত্রেই সারারাত অপেক্ষা করার পর পরের দিন সকাল ছটার পরে গ্যাস ভরার সুযোগ মিলছে। তবু বহু অটোচালক শেষ পর্যন্ত গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এর জেরে ধীরে ধীরে রাস্তায় অটোর সংখ্যা কমে যাচ্ছে। পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়ছেন যাত্রীরাও। অপরদিকে প্রতিদিন গাড়ি বন্ধ থাকায় আয়ের উৎসে ভাটা পড়েছে। যার দরুন প্রবল আর্থিক সংকটে পড়েছেন অটোচালকেরা। পাম্প কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ না আসায় এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে অটো পরিষেবা আরও বিপর্যস্ত হতে পারে বলেই আশঙ্কা চালক ও যাত্রীদের।
সারারাত লম্বা লাইন, গ্যাস সংকটে ডানলপ!

