চা বলয়ে ভাঙনের মুখে তৃণমূল! নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক মহলে দলবদলের হীরক ক্রমশ প্রকট হচ্ছে। শাসক থেকে বিরোধী সব ঘরেই ভাঙন অব্যাহত। এবার নজরে চা বলয়। ভোটের মুখে তৃণমূলে বড়সড় ভাঙন।জলপাইগুড়ি জেলার গয়েরকাটা চা বাগান এলাকায় ৪০০ চা শ্রমিক পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে৷ এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সি প্রাক্তন ব্লক সভাপতি রঞ্জিত লাকড়া সহ ৪০০ চা শ্রমিক পরিবার বিজেপিতে যোগদান করেন। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন বানারহাট ব্লক সভাপতি রঞ্জিত লাকড়া সহ প্রায় চারশোটি পরিবার। জানা গিয়েছে, গয়েরকাটা চা বাগানের দু’টি বুথ এলাকার প্রায় ৪০০টি পরিবার এদিন বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। স্বাভাবিকভাবেই ভোটের আগে চা- বাগান এলাকায় এত বড় ভাঙন শাসকদল তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলেছে। রাজনৈতিক মহলের মতে, গত বিধানসভা উপনির্বাচনে মাদারিহাট কেন্দ্র জেতার ক্ষেত্রে এই চা বাগান এলাকা থেকে প্রায় দেড় হাজার ভোটের লিড পেয়েছিল তৃণমূল। বিশেষ করে সাকোয়াঝোরা ১ এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সমর্থনই সেই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবার সেই একই এলাকায় বিধানসভা নির্বাচনের আগে প্রায় চারশো পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের উপর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
চা বলয়ে ভাঙনের মুখে তৃণমূল!

