চা বাগানে লেপার্ড হানায় শ্রমিক জখম

চা বাগানে লেপার্ড হানায় শ্রমিক জখমফের ডুয়ার্সের চা বাগানে লেপার্ড হানা। আলিপুরদুয়ার জেলায় কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগান এলাকায় লেপার্ডের আক্রমণে গুরুতর জখম হলেন এক চা শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধওলাঝোড়া ২ নম্বর এলাকার বাসিন্দা ওই চা শ্রমিক। প্রায় জনা পঁচিশ শ্রমিকের একটি দলের সঙ্গে রায়ডাক চা বাগানে কীটনাশক ওষুধ স্প্রে করার কাজে নিযুক্ত ছিলেন। কাজ চলাকালীন হঠাৎই বাগানের ঝোপঝাড়ের আড়াল থেকে একটি লেপার্ড বেরিয়ে এসে আচমকা ওই শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে। লেপার্ডের আক্রমণে শ্রমিকের মাথা, গলা ও হাতে গুরুতর জখম হয়। সহকর্মীরা দ্রুত চিৎকার চেঁচামেচি শুরু করলে লেপার্ডটি গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর অন্যান্য শ্রমিকরা আহত সহকর্মীকে উদ্ধার করে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর চিকিৎসকরা তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বনদফতর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। বনদফতরের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং চা বাগানের বাসিন্দাদের সাবধানে থানার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকায় বারবার লেপার্ডের দেখা মিলছে। ফলে চা শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। শ্রমিকদের দাবি, বাগানে কাজ করার সময় নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হোক। এবিষয়ে বনদফতর দ্রুত কার্যকর পদক্ষেপ নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *