ডুয়ার্স চা বাগানে লেপার্ড

ডুয়ার্স চা বাগানে লেপার্ড! প্রাণ বাঁচাতে আতঙ্কে শ্রমিকরাদিনদুপুরে চা বাগানে হঠাৎ লেপার্ডের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলায়। ঘটনাটি ঘটেছে ডিমডিমা চা বাগান এলাকায়। যেখানে কাজের ফাঁকেই শ্রমিকদের সামনে এসে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকাই চা গাছের ঝোপের মধ্যে একটি লেপার্ডকে দেখতে পান তাঁরা। হঠাৎ এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অনেকেই কাজ ফেলে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। যদিও কিছুক্ষণের মধ্যেই লেপার্ড বাগানের ভিতরের ঘন অংশে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং শ্রমিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বনকর্মীরা জানান, ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায় প্রায়শই বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়।বিশেষত খাবারের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ে। এই ঘটনার পর থেকেই বাগান এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শ্রমিকদের একাংশ নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন। তাঁদের দাবি, নিয়মিত নজরদারি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এই ধরনের ঘটনা আরও বড় বিপদের কারণ হতে পারে। বাগান কর্তৃপক্ষ এবং বনদপ্তরের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *