নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তা।পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে জোরদার করা হয়েছে ইন্টারস্টেট নাকা তল্লাশি। সেই তল্লাশির মধ্যেই বড়সড় সাফল্য। নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ড দিক থেকে আসানসোলগামী একটি চারচাকা গাড়িকে থামানো হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ ৪ লক্ষ ৬৪ হাজার ৩০০ টাকা। গাড়িতে থাকা ব্যক্তির কাছে ওই বিপুল পরিমাণ নগদ অর্থের কোনও বৈধ নথি না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী বিধি মেনে চলার জন্যই এই কড়া নজরদারি চালানো হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া পুরো অর্থ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিনের নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন এসএসটি মেজিস্ট্রেট, আবগারি দফতরের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। যৌথভাবে এই অভিযান চালানো হয় বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অর্থ ও সামগ্রী পাচার রুখতেই এই ধরনের তল্লাশি আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
সীমান্তে তল্লাশিতে উদ্ধার নগদ ৪ লক্ষ টাকা

