ভোটের মুখে ভোটার তালিকা বিভ্রাট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। অভিযোগ, এস আই আর-এর তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেও ওই ওয়ার্ডের দশটি বুথে প্রায় ৬০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এত সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার নাটাগড় কালীতলা এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বঞ্চিত ভোটাররা। টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন তারা। এর ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।বিক্ষোভকারীদের দাবি, নিয়ম মেনে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে নাম বাদ পড়ায় তারা চরম হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান মেলেনি। ভোটের মুখে এই পরিস্থিতি তৈরি হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, এত বড় সংখ্যায় নাম বাদ যাওয়া প্রশাসনিক গাফিলতিরই প্রমাণ। দ্রুত সমস্যার সমাধান করে সকলের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে সরব হয়েছেন তারা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। আদৌ কোনো সুরাহা হবে কিনা! বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা! চিন্তায় বাদ পড়া ৬০০ ভোটার।
পানিহাটিতে ৬০০ ভোটার বাদ! প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

