উত্তর ২৪ পরগনার বাগুইহাটি থানার অন্তর্গত জগতপুর কাঠপোল এলাকার ঘটনা। ছেলের হাতে মাকে খুনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রুমা চক্রবর্তী। মৃতার বয়স ৪৩ বছর। অভিযুক্ত তাঁরই ছেলে রুদ্রদীপ চক্রবর্তী। যিনি ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মা-ছেলের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। প্রতিবেশীদের দাবি, প্রায়ই তাঁদের বাড়ি থেকে ঝগড়া ও অশান্তির শব্দ শোনা যেত। মঙ্গলবারও সেই অশান্তির জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, রাগের বশে ছেলেই মাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে ভারী জাতীয় বস্তু দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রুমা চক্রবর্তী। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রতিবেশীরা তড়িঘড়ি বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতার একাধিক বিয়ে নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই বিষয়টি ছেলে মেনে নিতে পারছিল না বলেই এই বিরোধ ক্রমশ তীব্র হয়। পুলিশের অনুমান, সেই ক্ষোভ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। অভিযুক্ত রুদ্রদীপ চক্রবর্তীর খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের পর খুনের পেছনে প্রকৃত কারণ স্পষ্ট হবে
মাকে খুন করল ছেলে! পুলিশি তদন্তে কোন কারণ!

